কাজী রাশিদা আন্ওয়ার
বল এতদিন কোথায় ছিলিস
ঠাসছ দেদার পান্তা ইলিশ
ইলশা না তার চ্যাংড়া ছাওয়াল
জাটকা খায়া পেটের যা হাল
গুড়গুড়গুড় বাজতাছে ঢাক
পেটের ভিতর কাণ্ড অবাক!
বল রে ভোদাই ঢাকের কী দোষ
বোশেখ নিয়া তামশা করস
ঢুকল না ক্যান মুণ্ডুতে তোর
বোশেখ মানেই নতুন বছর
টানছ ক’মণ গঞ্জিকা তুই
পড়িস নাকি পঞ্জিকা তুই?
পঞ্জিকা আর কখন পড়ি
পাই না সময় অখন তরি
রাইতে খায়া হেব্বি ডিনার
ঘুরতে গেলাম শহীদ মিনার
তার আগে ঐ ভাষার মাসেই
অ্যাংলো ভালোবাসার মাসেই
নাচনা-গানায় হইলো দেরি
ভরদুপুরেই প্রভাতফেরি
উনিশে ফার্স্ট জানয়ারিতে
সাত সকালে কাঁইপা শীতে
হ্যাপি নিউ ইয়ার করছি পালন
অখন আমার দোষটা কী কন
অখন দেখি কাণ্ড অবাক
এপ্রিলেতেই পয়লা বোশাখ...
