এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২০:০৯
শিরোপাধারী ভারত সোমবার রাতে কাতারের দোহায় পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল। এ জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগে পাকিস্তানের কাছে হারেরও শোধ নিল ভারত। আল রায়ান স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে ভারত চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে চার জয়ে ১২ পয়েন্ট পেয়ে সবার উপরে জায়গা করে নিল। পাকিস্তান হারলেও ছয় জাতির এ লড়াইয়ে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। একই রাতে চীনের কাছে অপ্রত্যাশিতভাবে ২-১ গোলে হারা মালয়েশিয়ারও অর্জন সাত পয়েন্ট। গোলশূন্য প্রথমার্ধের পর রুপিন্দর সিং ৩৬ মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন। চিংলেনসানার গোলে ৫১ মিনিটে ভারত ব্যবধান দ্বিগুণ করলে খেলায় ফিরতে কঠিন লড়াইয়ের মধ্যে পড়ে যায় পাকিস্তান। ৫৭ মিনিটে মোহাম্মদ ওয়াকাস পেনাল্টি কর্নার থেকে গোল করে পাকিস্তানের হারের ব্যবধান কমান। মূলত বিরতির পরই খেলাটি জমে ওঠে। রুপিন্দরের গোলটি আসে পেনাল্টি স্ট্রোক থেকে। ভারতের দ্বিতীয় গোলটি ছিল তরুণ চিংলেনসানা ও গুরুবিন্দর চান্দির মধ্যকার বোঝাপড়া থেকে পাওয়া। এরকম পরিস্থিতিতেই পাকিস্তান তাদের তৃতীয় পেনাল্টি কর্নার থেকে জবাব দেয়। শটটি অবশ্য ভারতীয় গোলরক্ষক থামিয়ে ফেলেছিলেন। কিন্তু ওয়াকাস গোলরক্ষকের কাছ থেকে বলটি ফিরে এলে কাধ উঁচু থেকে নামিয়ে নিয়ে পোস্টে আছড়ে দেন। ভারতীয় খেলোয়াড়রা এ নিয়ে আপত্তি জানালেও আম্পায়াররা তাতে সায় দেননি। পাকিস্তান এরপরও দমে না গিয়ে আক্রমণ জোরদার করে। এমনকি শেষ মুহূর্তেও পাকিস্তানীরা একটি পেনাল্টি কর্নার পায়। কিন্তু ভারতের রক্ষণভাগ নিজেদের অগ্রগামীতা ধরে রাখতে সক্ষম হয়। পাকিস্তান আজ বুধবার ফাইনালে ওঠার প্রত্যাশায় জাপানের মুখোমুখি হবে। তবে তাদের গন্তব্য নির্ভর করবে একই রাতে অনুষ্ঠিত ভারত ও মালয়েশিয়ার মধ্যকার খেলাটির উপরও। মালয়েশিয়ার চাইতে পাকিস্তানের গোলপার্থক্য শ্রেয়তর। কিন্তু জাপানিরা ৭-১ গোলে ওমানকে উড়িয়ে দিয়ে খেলাটির আগে চাঙ্গা আছে। মালয়েশিয়া এর আগে রবিবার রাতে অনুষ্ঠিত খেলায় পাকিস্তানের সাথে ২-১ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করতে সক্ষম হয়। অপরদিকে ভারত রবিবার রাতে অনুষ্ঠিত খেলায় ওমানকে ১১-০ গোলে পরাজিত করে এবং চীন ৪-২ গোলে হারায় জাপানকে।