বলিউড তারকা সোনাক্ষী সিনহার বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। প্রমোদ শর্মা নামের এক ব্যক্তি দিল্লি থানায় এই মামলা করেছেন। তার অভিযোগ, পারিশ্রমিকের টাকা নিয়েও অনুষ্ঠানে হাজির হননি সোনাক্ষী। সম্প্রতি প্রমোদ শর্মা একটি ফ্যাশন সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল সোনাক্ষীকে। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ৩৭ লাখ টাকা তাকে অগ্রিম দেওয়া হয়। কিন্তু অনুষ্ঠানের দিন হাজির হননি এই নায়িকা।
প্রমোদের অভিযোগ, সোনাক্ষীর সঙ্গে এ ব্যাপারে পরে আলোচনা করার জন্য যোগাযোগ করা হলে তিনি কোনোকিছুই জানাননি। বিষয়টিকে এড়িয়ে গেছেন। বাধ্য হয়েই তাই থানায় অভিযোগ জানান তিনি। দিল্লি পুলিশও বিষয়টিকে আমলে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। তবে অভিনেত্রী সোনাক্ষী সিনহা এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি।
বলিউড পাড়ায় এ ধরনের অভিযোগে মামলা হওয়ার বিষয়টি নতুন নয়। এর আগেও অনেক তারকা টাকা নিয়েও অনুষ্ঠানে উপস্থিত হয়নি। গতবছর এ রকম এক মামলায় ফেঁসেছিলেন বলিউডের আরেক অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছিল ‘এম অ্যান্ড এম ডিজাইন’ নামে একটি ফ্যাশন হাউজ। ‘হাসিনা পার্কার’ ছবিতে শ্রদ্ধার সব পোশাক সরবরাহ করেছিল এই প্রতিষ্ঠান। চুক্তি ছিল, প্রতিষ্ঠানটির নাম ট্রেলার, ছবি এবং সব ধরনের প্রচারণায় ব্যবহার করতে হবে। কিন্তু ছবির প্রযোজনা প্রতিষ্ঠান, প্রযোজক এবং নায়িকা শ্রদ্ধা কাপুর কেউই চুক্তি অনুযায়ী কাজ করেননি বলে অভিযোগ করেছিল ফ্যাশন হাউজটি।
