বিদেশ থেকে নানা জাতের উদ্ভিদের পরিচর্যার উপর উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরেছে শামীম। দেশে ফিরেই সে গেল তাদের বাগান বাড়িতে বেড়াতে। কিন্তু বিকেল বেলা বাসার সামনের বাগানে মালির কাজকর্ম দেখেই মেজাজ খারাপ হয়ে গেল তার। তাই মালিকে উদ্দেশ্য করে সে বেশ জোরে জোরেই বলতে লাগল, ‘গাছের গোড়ায় এসব কী সার দিচ্ছ। এতে গোলাপ গাছটাতে ফুল তো ফুটবেই না উল্টো মাস খানেকের মধ্যে গাছটা মারা যাবে। তোমার কাজ দেখে আমি সত্যিই খুব অবাক হচ্ছি!’
‘স্যার, বাতাবি লেবুর এই গাছে যদি ঠিকঠাক সার দিয়েও গোলাপ ফোটানো যায় তাহলে আমিও ভীষণ অবাক হব!’—উত্তরে জানালো মালি।
++ দুর্গম পাহাড়ি পথ ধরে উঠতে উঠতে হঠাত্ এক পর্যটকের চোখ পড়ল বেশ বড় আকারের একটা পাথরের উপর। পাথরটির উপর বড় করে লেখা ‘এই পাথরের নিচে চাপা পড়ে আছে...’। অসমাপ্ত এই বাক্যটি দেখে সেই পর্যটকের ভীষণ কৌতূহল হলো। তাই বেশ কিছুক্ষণ চেষ্টা করে পাথরটিকে সম্পূর্ণ উল্টে ফেললেন তিনি। কিন্তু কোথায় কী? পাথরের নিচে চাপা পড়ে হলুদ হয়ে থাকা কিছু ঘাস ছাড়া আর কিছুই চোখে পড়ল না তার। হতাশ হয়ে যখন নিজের পথে ফিরতে যাবেন তখন পাথরের ঢাকা পড়ে থাকা পিঠে আরেকটি লেখা চোখে পড়ল তার যাতে লেখা ছিল-‘পাথরটি কষ্ট করে আগের অবস্থায় রেখে যাও যাতে তা অন্যদের কৌতূহলে কাজে আসে...’
++ দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
প্রথম বন্ধু :আচ্ছা হীরার চেয়ে শক্ত কিছু কি আছে?
দ্বিতীয় বন্ধু :আছে, হীরার দাম দেওয়ার চেষ্টা করা।
