গান গেয়ে আর সংসার চলছে না ইদ্রিসের

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:২৪
গান গেয়ে আর সংসার চলছে না অন্ধ কণ্ঠশিল্পী ইদ্রিস আলীর। ডিজিটাল যুগের ডিজিটাল যন্ত্রপাতি ও আধুনিক গানের জোয়ারে চাহিদা কমে গেছে মাটির গান গাওয়া এই গ্রামীণ শিল্পীর। আগে বিভিন্ন আসরে গান গেয়ে সংসার চালাতো ইদ্রিস আলী। গানের চাহিদা কমে যাওয়ায় তার আয়ও কমে গেছে। এতে অর্ধাহারে-অনাহারে দিন কাটছে তার। খোঁজ নিয়ে জানা গেছে, মহাদেবপুর উপজেলার কর্ণপুর গ্রামের জন্মান্ধ ইদ্রিস আলী ছোটবেলা থেকেই গান গাওয়া শুরু করে। অন্ধ হওয়ায় অন্য কোন কাজ করতে না পারায় গানকেই পেশা হিসাবে বেছে নেয় সে। কিছুদিন আগ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে ডাক পড়ত ইদ্রিস আলীর। গ্রামে সৌখিন মানুষ কমে যাওয়ায় গ্রামে-গঞ্জে আগের মত গানের আসর বসছে না। আবার যেখানে আয়োজন হচ্ছে সেখানেও স্থান পাচ্ছে শহরের নামি-দামি শিল্পী। এতে বেকার হয়ে পড়েছে ইদ্রিস আলী। গানের ডাক না পাওয়ায় স্ত্রী ও দুই কন্যার সংসার নিয়ে সে চরম দুর্ভোগে পড়েছে। তবুও হাল ছাড়েনি ইদ্রিস আলী। প্রতিদিন সকালে উঠে তার প্রিয় হারমোনিয়াম নিয়ে অপেক্ষা করে যদি কোথাও গানের জন্য ডাক পড়ে। যেদিন কেউ তাকে ডাকে না সেদিন স্ত্রী-কন্যা নিয়ে অনাহারে-অর্ধাহারে থাকতে হয় এই দরিদ্র শিল্পীকে। ইদ্রিস আলী জানান, ছেলেবেলা থেকেই বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে অর্থ উপার্জন ছাড়াও সে ব্যাপক প্রশংসা পেয়েছে। এখন রেডিওতে গান গাওয়ার খুব ইচ্ছা তার।