জগন্নাথপুরে ১৬ বছরেও শেষ হয়নি ব্রিজ নির্মাণের কাজ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:২৪
জগন্নাথপুর-শিবগঞ্জ-স্বাধীন বাজার সড়কের ঘোষগাঁও এলাকায় নলজুর নদীর উপর ১শ ৫০ মিটার দৈর্ঘ্য গার্ডার ব্রিজের নির্মাণ কাজ ১৬ বছরেও শেষ হয়নি। ফলে উপজেলা সদরের সাথে জগন্নাথপুরের দক্ষিনাঞ্চলের ৩টি ইউনিয়নের লক্ষাধিক মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলাবাসী নলজুর নদীর উপর এ ব্রিজটির নির্মান কাজ দ্রুত সম্পন্নের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সু-দৃষ্টি কামনা করেছেন। ১৯৯৬ সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদের ভিত্তি প্রস্থর স্থাপনের মধ্যে দিয়ে ব্রিজটির নির্মান কাজ শুরু হয়। ঠিকাদারী প্রতিষ্টান রয়েল ট্রেনিং কর্পোরেশন ৩কোটি টাকা ব্যয়ে ব্রিজটির নির্মান কাজ শুরু করে। সরকারের পালা বদলের সাথে সাথে ব্রিজটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০০৯ সালে পুনরায় ১০কোটি টাকা ব্যায়ে দরপত্র আহবান করা হলে ঠিকাদারী প্রতিষ্টান কামাল এসোসিয়েট ২০১০ সালের পুনুরায় ব্রজটির নির্মাণ কাজ শুরু করেন। ২০১১ সালের ২৩ জুলাই ব্রিজটির নির্মান কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্টান যথাসময়ে কাজ সম্পন্ন করতে পারেনি। ফলে যথা সময়ে কাজ শেষ করতে না পারায় এলজিইডি কর্তৃপক্ষ ঠিকাদারী প্রতিষ্টানের কার্যাদেশ বাতিল করে দেন। দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর পুনরায় দরপত্রের মাধ্যমে চলতি বছরে ৩ কোটি ৯০ হাজার টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্টান মাহবুব এন্টার প্রাইজ ব্রীজের নির্মান কাজ শুরু করেন। এ ব্যাপারে এলজিইডির জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, ২০১৩ সালের মে মাসের মধ্যে গার্ডার ব্রিজটির নির্মান কাজ সম্পন্ন করা হবে।