নরসিংদীর রায়পুরা উপজেলার বেলায়েত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের দুর্নীতি, স্বজনপ্রীতি ও নানা অনিয়মের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ করেছে। এ সমাবেশে বিদ্যালয়ের নবনির্বাচিত অভিভাবক সদস্য, অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের লোকজন শামিল হন।
স্থানীয় ডৌকারচর ইউপি চেয়ারম্যান মো. লোকমান মিয়া, সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম লিটন ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কুতুব উদ্দিন আহমেদ প্রতিবাদ সমাবেশে বলেন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম স্কুলের নির্বাচিত অভিভাবক সদস্যদের মতামতের প্রতি তোয়াক্কা না করে নিজের ইচ্ছামত কমিটি গঠনের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। তিনি কাউকে অবহিত না করে নিজের পছন্দমত কমিটি গঠন করার জন্য ৮ জন স্থায়ী ডোনার সদস্য করে ১৬ লাখ টাকা অবৈধভাবে গ্রহণ করেন বলে বক্তারা অভিযোগ করেছেন। তারা জানান, গত ২০ ডিসেম্বর অভিভাবক শ্রেণীর নির্বাচনের পর গতকাল মঙ্গলবার ছিল বিদ্যালয়ের কমিটি গঠনের নির্ধারিত প্রথম সভা। ঐ নির্বাচনে প্রধান শিক্ষকের পক্ষের কোন অভিভাবক নির্বাচিত না হওয়ায় তিনি তার অবস্থা বেগতিক দেখে গতকাল মঙ্গলবারের সভা পন্ড করে পুলিশের সহযোগিতায় স্কুলে তালা লাগিয়ে কেটে পড়েন। সমাবেশে এলাকাবাসী প্রধান শিক্ষকের অপসারণ ও তার শাস্তি দাবি করেন।
