ফুলবাড়ি আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৩২
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে ভূমি প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র সমঝোতা কমিটি বাতিলসহ ভোটের মাধ্যমে নতুন করে নেতৃত্ব নির্বাচনের দাবিতে সোমবার আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকদের ব্যানারে পৌর শহরে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেয়র শাহজাহান আলী সরকার পুতু ও সাবেক সভাপতি মরহুম ডা. মোজাফ্ফর হোসেন সরকারের ছেলে ব্যবসায়ী মহসিন আলী সরকারের নেতৃত্বে ঐ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে স্থানীয় নিমতাল মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেয়র শাহজাহান আলী সরকার পুতু, সাবেক সভাপতি মরহুম ডা. মোজাফ্ফর হোসেন সরকারের ছেলে ব্যবসায়ী মহসিন আলী সরকার ও সোলায়মান আলী। ফুলবাড়ি-দিনাজপুর মহাসড়কের ওপর সমাবেশ করায় ৩০মিনিট ধরে ঐ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সমঝোতার ভিত্তিতে সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী শাহকে সভাপতি এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান বাবুলকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।