ভূঞাপুরে হামলায় চেয়ারম্যান আহত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৩৩
পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় ভূঞাপুরের নিকরাইল ইউপি চেয়ারম্যান ও থানা বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন মন্ডল গুরুত্বর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় টেম্পোযোগে টাঙ্গাইল কোর্ট চত্বর থেকে ভূঞাপুর ফেরার পথে শিল্পকলা একাডেমীর সামনে আগ থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা এ হামলা চালায়। ভূঞাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম মোস্তফা জানান, উপজেলার নিকরাইল ইউপি চেয়ারম্যান ও থানা বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন মন্ডল সোমবার সন্ধ্যায় পৌর বিএনপি সভাপতি এডভোকেট মোমরেজ আলী ও নিকরাইল ইউনিয়ন বিএনপি সভাপতি এডভোকেট সাইফুল ইসলামসহ কয়েকজন লোক মিলে টাঙ্গাইল কোর্ট চত্বর থেকে টেম্পোযোগে ভূঞাপুরের উদ্দেশ্যে আসার পথে আগ থেকে ওত পেতে থাকা ভূঞাপুরের আওয়ামী লীগ নেতা আব্দুল মালেকের শ্যালক ও তার সাঙ্গপাঙ্গরা মিলে শিল্পকলা একাডেমীর সামনে তার টেম্পোর গতিরোধ করে। পরে তারা জাহাঙ্গীর মন্ডলকে হাতুড়ি দিয়ে উপর্যুপরী আঘাত করতে থাকে। চেয়ারম্যানের সাথে থাকা দুই বিএনপি নেতা তাকে ফিরাতে গেলে সন্ত্রাসীরা তাদেরও মারধর করে। জাহাঙ্গীর মন্ডল টেম্পোতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা চলে যায়। তাকে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিত্সক তার অবস্থা গুরুত্বর দেখে ওই রাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন।