মনোহরগঞ্জে চুরির ঘটনাকে কেন্দ্র করে লুটপাট

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৪০
গত শনিবার কুমিল্লার মনোহরগঞ্জে লেবু চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের পর ২য় দফায় মৌলভী আবুল কাশেমের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পূর্বের ঘটনার জের ধরে সোমবার রাত ১২টায় চড্ডা গ্রামের ১০-১৫ জনের সংঘবদ্ধ প্রতিপক্ষ দলের লোকজন মৌলভী আবুল কাশেমের বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭ লক্ষ টাকা, ১০/১১ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল সেট ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। এ সময় তারা পোল্ট্রি ফার্মের কিছু মোরগও নিয়ে যায়। মৌলভী আবুল কাশেমের স্ত্রী নাছিমা বেগম জানিয়েছেন ঐ দিন সন্ধ্যায় প্রতিপক্ষ লোকেরা তাদের বাড়ির সামনে এসে মিছিল করে ও প্রাণনাশের হুমকি দেয় এবং রাতে এ ঘটনা ঘটায়। ঘটনার সময় বাড়ির মালিক আবুল কাশেম বাড়িতে ছিলেন না। এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা সাব-ইন্সপেক্টর আতিকুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ২ জনকে গ্রেফতার করা হয়েছে।