সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৫৩
পৃথক ৪টি সড়ক দুর্ঘটনায় নাসিরনগর, উলিপুর ও মধুখালী ও রায়পুরায় দুটি শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গতকাল মঙ্গলবার বিকালে অটোরিকশা (সিএনজি) ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে অনন্ত ঋষি (৬) নামে এক শিশু নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহত শিশু ভৈরব উপজেলার ঋষিপাড়ার অনজু ঋষির পুত্র। নাসিরনগর-সরাইল সড়কে মুসলেন্দুপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, যাত্রীবাহি অটোরিকশা (সিএনজি) ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে অনন্ত ঋষি মারাত্মকভাবে আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়। আহত ঋষির মা বিনা রানী ঋষি (৩০), পারমনি ঋষি (৩০), সুরবিত ঋষি (৮) ও দিপা ঋষিকে (১৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুড়িগ্রামের উলিপুরে ভটভটির চাকায় পিষ্ট হয়ে লাকী (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনটি ঘটেছে গত সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উলিপুর-হাতিয়া সড়কের চৌমুহনী নামক স্থানে। জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের বামনপাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী খোদেজা দুই শিশু সন্তান আঁখি (৮) ও লাকীকি (৬) নিয়ে ভটভটিতে চড়ে তার বাবার বাড়ি যাচ্ছিলেন। চৌমুহনী নামক স্থানে পৌঁছিলে ভটভটি থেকে নেমে মা খোদেজা ভাড়া পরিশোধ করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ভটভটি আঁখি ও লাকীকে সজোরে ধাক্কা দেয়। মারাত্মক আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উলিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক লাকীকে মৃত ঘোষণা করেন। মারাত্মক আহত আঁখি বর্তমানে চিকিত্সাধীন। মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা জানান, গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুরের মধুখালীতে ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম সুজন (৩০)। বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে। এছাড়া দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী অপর দুই যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি থানা পুলিশ। জানা গেছে, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামের বাসিন্দা সুজন (৩০), তরিকুল (৩০) ও সোহেল (২৫) একটি মোটরসাইকেলযোগে ফরিদপুর যাওয়ার পথে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি ব্রিজ নামক স্থানে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা যশোরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সুজন মারা যায়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী তরিকুল ও সোহেলকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা জানান, রায়পুরায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার চর ধুকুন্দিতে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে বাজিতপুরগামী বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস চরধুকুন্দির চারাবাগ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি ধুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই ভেতরে থাকা দুই যাত্রী ও মাইক্রোবাসটির চালক মারা যায়। নিহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, ধুকুন্দি গ্রামের শাহাদত মিয়ার ছেলে ইমাম হোসেন (১৮) ও মাইক্রোবাস চালক ময়মনসিংহের আরিফ (২৮)। এসময় স্থানীয় লোকজন বাস ও মাইক্রোবাসের কমপক্ষে ১৫ জন যাত্রীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলা, ভৈরব হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠায়।