গতকাল মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। একই সাথে এটি এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রাও।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে— গতকাল সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে গত ২৪ ডিসেম্বর দেশের সর্বনিন্ম তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। একই সাথে ৯ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা এ শীত মৌসুমে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
গতকাল সকালে রোদের দেখা মেলেনি। কনকনে ঠাণ্ডা এবং হিমেল হাওয়ায় জনজীবনে অনেকটা স্ববিরতা দেখা দেয়। তীব্র শীতের কারণে চা-বাগান এলাকার খেটে-খাওয়া মানুষ খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছে। তীব্র শীতের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য দোকানে নতুন-পুরাতন শীতবস্ত্র বিক্রির হিড়িক পড়েছে। মাসের শেষের দিকে আবার তীব্র শীতের আশঙ্কা করছে স্থানীয় আবহাওয়া দপ্তর।।
