ইউপিডিএফের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৫৫
পার্বত্য শান্তিচুক্তির বিপক্ষে ও পার্বত্য এলাকায় পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাঙ্গামাটির নানিয়ারচরে অনুষ্ঠিত হয়েছে শিশু কিশোরদের আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ। এ সময় শিশুরা বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত শ্লোগান দেন এবং জাতীয় পতাকা ও ইউপিডিএফের দলীয় পতাকা বহন করেন। পরে ইউপিডিএফ রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক তপমণি চাকমার সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইউপিডিএফ রাঙ্গামাটি জেলা সভাপতি বিলাশ চাকমা, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান কুমেন্দু বিকাশ চাকমা, নানিয়ারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ খীসা, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুশীল জীবন চাকমা, নানিয়ারচর ইউনিয়ন পরিষদের মেম্বার সেন্ট্রু চাকমা, ইউপিডিএফ সমর্থিত সংগঠন গণতান্ত্রিক যুবফোরামের সাংগঠনিক সম্পাদক বিপরশি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তত্কালীন আওয়ামী লীগ সরকার ও জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চুক্তি স্বাক্ষরের বহু আগে ১৯৯৭ সালের ১০ মার্চ পাহাড়ি গণপরিষদ, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন পূর্ণস্বায়ত্তশাসনের ডাক দিয়েছিল। এরপর তিন সংগঠনের উদ্যোগে ২৫-২৭ মার্চ ঢাকায় এক সম্মেলনে ৭ দফা প্রস্তাবনা গ্রহণ করা হয়। এতে সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে ‘প্রাইভেট কোম্পানি’, ‘রাজনৈতিকভাবে আদর্শচ্যুত ও দেউলিয়া’ ঘোষণা দিয়ে বলা হয়, সমিতির নেতৃত্বে পার্বত্যাঞ্চলের জনগণের অধিকার আদায় সম্ভব নয়। এদিকে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষর হয়। কিন্তু পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত আঞ্চলিক রাজনৈতিক তিন সংগঠন তা প্রত্যাখ্যান করে। পরে ১৯৯৮ সালে ২৫-২৬ ডিসেম্বর ঢাকায় এক পার্টি প্রস্তুতি সম্মেলনের মধ্য দিয়ে ইউপিডিএফ গঠন করা হয়।