ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সীমানায় বগুড়ার এক পরিবহন শ্রমিক ট্রাক চাপায় নিহত হয়েছেন। এই ঘটনায় নিহত শ্রমিকের স্বজনসহ এলাকাবাসী দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪ ঘন্টা বগুড়া সদর উপজেলার গোকুলে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। অবরোধকালে সেখানে একটি যাত্রীবাহী বাস ভাংচুর ও পুলিশ ভ্যানে অগ্নিসংযোগ করা হয়। অবরোধের ফলে শত শত বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহন মহাসড়কের উভয়পাশে আটকে পড়ে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়,গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার পরিবহন শ্রমিক কাওসার হোসেন (১৯) তার পিকআপ ভ্যান নিয়ে গাইবান্ধায় যাচ্ছিলেন। পথিমধ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মোঘলটুলী নামকস্থানে হাইওয়ে পুলিশ তার গতিরোধ করে। সেখানে হাইওয়ে পুলিশ গাড়ির কাগজ দেখতে চেয়ে চালক কাওসারকে জোর করে পিকআপ থেকে নামানোর পরপরই দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয় কাওসারকে। এতে ঘটনাস্থলেই কাওসার নিহত হন।
বেলা দেড়টার দিকে কাওসারের লাশ তার গ্রামের বাড়ি গোকুলে আসার পর স্বজনসহ এলাকাবাসী উত্তেজিত হয়ে ওঠেন। তারা লাঠিসোঁটা নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার গোকুল এলাকায় অবরোধ করেন। এ সময় মহাসড়কের ওপরে বেশকিছু গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
পরে বগুড়ার সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) মোকবুল হোসেন ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মন্ডল সেখানে গিয়ে জনতাকে শান্ত করার চেষ্টা করেন। দীর্ঘ আলোচনার পর অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিহতের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দিলে সন্ধ্যা সোয়া ৫টায় অবরোধ প্রত্যাহার করা হয়।
