বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত হয়। ৩৪ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ। উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডা. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের আহবায়ক সিটি মেয়র শওকত হোসেন হিরন, সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস। সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মনিরুল ইসলাম ছবি।
প্রধান অতিথির বক্তৃতায় আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, একাত্তরের ঘাতক এবং তাদের পৃষ্ঠপোষকদের শুধু রাজপথেই পরাজিত করা হবে না, আগামী নির্বাচনেও শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ভোটের মাধ্যমে তাদের পরাজিত করা হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় মেয়র শওকত হোসেন হিরন বলেন যোগ্য ও জনপ্রিয় নেতৃবৃন্দ দ্বারা সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে।
অন্য বক্তারা বলেন, জেলার ১০টি উপজেলার ও মহানগরের ৩০টি ওয়ার্ডের কাউন্সিলের মাধ্যমে যোগ্য নেতৃত্ব গঠন করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর জেলা ও মহানগর সম্মেলনে নতুন দায়িত্বপ্রাপ্তরা নেতা নির্বাচন করবেন।
