যুদ্ধাপরাধীদের বিচার নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন :মতিয়া

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৫৬
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, গোলাম আযম-নিজামীরা যুদ্ধাপরাধী নয় বলে ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। এ সময় তিনি খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রেখে বলেন, নিজামী, গোলাম আজম যদি যুদ্ধাপরাধী না হয় তাহলে কি আপনি নিজেই যুদ্ধাপরাধী? গতকাল মঙ্গলবার বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের পাশে স্থাপিত বিজয় মঞ্চে বিজয়ের ৪১ বছর পালন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবে উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। আমরা হঠাত্ করে এ বিচার করছি না। গত নির্বাচনে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলাম। এটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি। আর তা বাস্তবায়ন করতেই আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি। সমগ্র জাতি এ বিচার চাইলেও খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার চান না উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া আইএসআইয়ের এজেন্ট হিসেবে সেদিন (১৯৭১) ঢাকা ক্যান্টনমেন্টে ছিলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মাসব্যাপী বিজয় দিবস উদযাপনে গঠিত জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, আমাদের সামনে এখন দুটি চ্যালেঞ্জ। যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন এবং আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা। যুদ্ধাপরাধীদের বিচার বানচালে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কৃষক লীগের সভাপতি মো. মোতাহের হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হেসেন চৌধুরী মায়া বীরবিক্রম, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামসহ বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।