বড়দিনে মধ্যপ্রাচ্যের শান্তি কামনা করলেন পোপ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২২:০১
সংঘাতপূর্ণ মধ্যপ্রাচ্যসহ বিশ্বশান্তি কামনার মধ্য দিয়ে বিশ্বজুড়ে উদযাপিত হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব বড়দিন। পোপ ষোড়শ বেনেডিক্ট এক বার্তায় সিরিয়া, লেবানন, ইসরাইল, ফিলিস্তিন এবং ইরাকে চলমান সহিংসতা দূর করে শান্তি প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন। খবর বিবিসির। পোপ খ্রিস্টান ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, ‘গতিময় জীবনে ঈশ্বরের জন্য সময় রাখো’। তিনি আশা করেন, ইসরাইল এবং ফিলিস্তিনের জনগণ শান্তিতে বাস করতে পারবে। এ সময় তিনি লেবানন, সিরিয়া এবং ইরাকের জনগণের জন্যও প্রার্থনা করেন। সোমবার মধ্যরাতের পর থেকেই খ্রিস্টানরা তাদের উত্সব পালন করতে শুরু করে। যুক্তরাষ্ট্রে ব্যাপক উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিনের উত্সব পালিত হয়। প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউজে কয়েক হাজার নাগরিকের সঙ্গে সাক্ষাত্ করেন। এছাড়া ইউরোপীয় দেশগুলোতে জাঁকজমকপূর্ণভাবে দিবসটি উদযাপন করে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। জেরুজালেমের রোমান ক্যাথলিকদের প্রধান গির্জা বেথলেহেমে বড়দিনের উত্সবে এক গণজমায়েতে জনগণ একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র কামনা করে। এতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস উপস্থিত ছিলেন। ফুয়াদ তোয়াল নামের এক ব্যক্তি বলেন, যীশু যেমন আমাদের ঈশ্বর তেমনি ফিলিস্তিন আমাদের রাষ্ট্রে পরিণত হোক এটাই আমাদের কামনা। তবে এই পথ খুব সহজ নয়। এজন্য অনেক পথ পাড়ি দিতে হবে।