স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বিএনপি’র আজ বুধবারের পথসভা কর্মসূচি প্রসঙ্গে বলেছেন, ‘বিএনপি যদি শান্তিপূর্ণভাবে পথসভা কর্মসূচি পালন করে তাহলে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। আর পথসভা করতে গিয়ে যদি কোনোক্রমে আইন লঙ্ঘন, হাত বোমা ব্যবহার এবং মানুষের যানবাহন ভাংচুর করে তাহলে সর্বাত্মক শক্তি দিয়ে তাদের প্রতিহত করবো। নেয়া হবে কঠোর ব্যবস্থা।’ গতকাল মঙ্গলবার চাঁদপুরের কচুয়া উপজেলার কুটিয়া লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন সমপ্রসারণ কাজের ভিত্তিফলক উন্মোচন শেষে দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়ে সাগর-রুনি হত্যার বিচারকাজ ত্বরান্বিত করা যাবে না। এ জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যখন এর ইতিবাচক ফল আমরা পাব, তদন্ত ফল পাওয়া যাবে, তখন অভিযোগ গঠন করা হলে সবকিছু জানতে পারবেন।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমির জাফর, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: মহসীন উদ্দিন ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া উদ্দিন সুমন, উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী প্রমুখ।
পরে তিনি তফিরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি ফলক উন্মোচন করেন। এরপর কচুয়া নবগঠিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্যদের সাথে নিজ বাসভবনে মতবিনিময় এবং মহিলা আওয়ামী লীগের সাথে মতবিনিময়ে অংশ নেন। দুপুর ২টায় রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সমপ্রসারণ কাজের ভিত্তিফলক এবং আড়াইটায় উলয়া খাল খনন কাজের সূচনা করেন।
