গণসংযোগে বাধা দিলে কঠোর কর্মসূচি :তরিকুল

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২২:০৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়কারী তরিকুল ইসলাম বলেছেন, ১৮ দলীয় জোটের আজ বুধবারের গণসংযোগ কর্মসূচিতে বাধা দিলে সঙ্গে সঙ্গে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি জানান, গণসংযোগকালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীতে ছয়টি স্পটে গেলেও পাঁচটি স্পটে বক্তব্য দেবেন। জনগণের দাবিতে এ কর্মসূচিতে জনতার ঢল নামবে বলেও আশা করেন তিনি। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণসংযোগের প্রস্তুতি নিয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি। তরিকুল বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, দ্রব্যমূল্য বৃদ্ধি, জনগণের জানমালের নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব রাজনীতিকের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ গণসংযোগ কর্মসূচি করা হবে। গণসংযোগ কর্মসূচি সফল করতে প্রশাসন ও নগরবাসীর সহযোগিতা চান তরিকুল। পাশাপাশি সাময়িক অসুবিধার জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। গণসংযোগের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, কর্মসূচি সফল করতে ইতোমধ্যে ১৮ দলের মহাসচিব পর্যায়ে কয়েক দফা বৈঠক করা হয়েছে। রাজধানীতে প্রচারপত্র বিলি করায় ব্যাপক সাড়া পড়েছে। ‘তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরে যাওয়া যাবে না’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের এমন বক্তব্যের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘সব সরকারই দিতে চায় না, তবে জনগণের চাপে সরকার নির্দলীয় সরকারের দাবি মানতে বাধ্য হবে।’ সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।