ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিনভর যানজট

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২২:১৫
সারাদিনেও যানজটমুক্ত হয়নি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৯৭ কিলোমিটার কুমিল্লা অংশ। হাইওয়ে পুলিশ বিভিন্ন পয়েন্টে অক্লান্ত পরিশ্রম করেও যানজট নিরসন করতে সক্ষম হয়নি। মঙ্গলবার ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত সৃষ্ট যানজট এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৭টা) অব্যাহত রয়েছে। মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম উপজেলা এলাকার ৯৭ কিলোমিটার জুড়ে তা বিরাজ করছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ লক্ষ্য করা গেছে। হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, মঙ্গলবার ভোরে মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক ৩টি দুর্ঘটনায় এ যানজট সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের তীব্র চাপ থাকায় এবং চালকদের এলোপাতাড়ি গাড়ি পার্কিং-এর কারণে যানজট তীব্র আকার ধারণ করে। তিনি জানান, ভোর ৪টায় মহাসড়কের চান্দিনা উপজেলাধীন মাধাইয়া নামক স্থানে দুটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে যানজটের প্রথম সূত্রপাত ঘটে। ভোর সাড়ে ৪টায় মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজারে ২টি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এবং ভোর পৌনে ৫টায় একই উপজেলার শুয়াগাজী এলাকায় ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করেন। এদিকে রাতে ঘন কুয়াশায় অনেক যানবাহন চলাচল বন্ধ থাকায় সকাল থেকে যানবাহন চলাচল বেড়ে যায়। যার ফলে যানজট তীব্র থেকে তীব্রতর হয়। তবে যানজট নিরসনকল্পে মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় অর্ধশত হাইওয়ে পুলিশ সদস্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।