জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক ও রাজনীতিবিদ নির্মল সেন। বর্তমানে তিনি ঢাকার ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে লাইফ সাপোর্টে রয়েছেন। সোমবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।
গত শনিবার বিকালে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার দীঘিরপাড় গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন নির্মল সেন। পরে তাকে উন্নত চিকিত্সার জন্য ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। নির্মল সেনের ভাতিজা কঙ্কন সেন জানান, নির্মল সেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর ডা. সাইদুল ইসলাম ও নিউরোলজি বিভাগের ডা. সিরাজুল হকের তত্ত্বাবধানে রয়েছেন। তিনি পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে নির্মল সেনের রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন। ২০০৩ সালে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন নির্মল সেন। গত ৪ বছর ধরে তিনি গ্রামের বাড়িতে জীবন-যাপন করছিলেন।
