বিনোদন রিপোর্ট
‘ফিডব্যাক’-এর ৪ দশক পূর্তি উপলক্ষে আজ বসুন্ধরা কনভেনশন হলে হতে যাচ্ছে এক দারুণ কনসার্ট। কনসার্টের টাইটেল দেয়া হয়েছে মাকসুদের লেখা ‘ধন্যবাদ হে ভালোবাসা’ গানের লাইন থেকেই। যেখানে মূলত ফিডব্যাকের পুরনো নতুন সদস্যরা সকলেই এক হয়ে পারফর্ম করবেন। গত প্রায় কয়েকসপ্তাহ জুড়েই এর প্রস্তুতির একটি আভাস পাওয়া যাচ্ছে। তবে আয়োজনে কী চমক থাকছে তা এখনও বলা হচ্ছে না। মাকসুদ বলেছেন, ‘আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সদস্যরা বিচ্ছিন্ন হয়ে গেলেও মিউজিকের সাথেই আছি। এটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ফিডব্যাকের।’
এছাড়াও সাধারণত ব্যান্ডে ভাঙা গড়া হলে পারস্পরিক ভুল বোঝাবুঝি দুরত্ব তৈরি হয়। এখানে বিরলতম উদাহরণ হলো ‘ফিডব্যাক’। এ প্রসঙ্গে ফিডব্যাকের দলনেতা ফুয়াদ নাসের বাবু বলেন, ‘আমাদের ভেতরে সেই পারস্পরিক শ্রদ্ধাবোধটা ছিল ও আছে।’
ওপরের ছবিটি মাকসুদ ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন এক ফ্রেমে অতীত, বর্তমান ও ভবিষ্যত। প্র্যাকটিসপ্যাডের এই দারুণ ছবিই বলে দেয় তাদের সম্পর্কের বুনন কতটা মজবুত। আজ ফিডব্যাককে শুভেচ্ছা জানাতেই পারফর্ম করবে ‘মাইলস’, ‘ওয়ারফেজ’, ‘দলছুট’সহ একাধিক মিউজিশিয়ান। আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে অনবদ্য এই আয়োজনটি।
