স্মার্টফোনের কাছে বাজার হারিয়েছে এমপিথ্রি প্লেয়ার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২০:০২
সময়ের অত্যন্ত চাহিদাসম্পন্ন প্রযুক্তির পণ্যের নাম স্মার্টফোন, সে বিষয়ে সন্দেহ নেই। আর দিনদিন স্মার্টফোনের বিক্রিও বাড়ছে বিশ্বজুড়ে। যুক্তরাজ্যের বাজারও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি তেমন তথ্যই জানিয়েছে প্রযুক্তি বাজার গবেষণা প্রতিষ্ঠান মিনটেল। তারা জানিয়েছে, ২০১২ সাল জুড়ে গ্রাহকদের কাছে স্মার্টফোনের চাহিদা অনেকখানি বেড়ে গেছে। শুধু তাই নয়, স্মার্টফোনের ক্রমবর্ধমান চাহিদায় কমে গেছে এমপিথ্রি প্লেয়ার বা আইপডের মতো প্রযুক্তি পণ্যের চাহিদা। মিনটেল তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১১ সালে যুক্তরাজ্যে আইপড এবং সমধর্মী এমপিথ্রি প্লেয়ারগুলোর বিক্রির পরিমাণ ছিল প্রায় ৪৯০ মিলিয়ন পাউন্ড। সেখানে ২০১২ সালে এসে তার বিক্রি কমে গেছে প্রায় ১১০ মিলিয়ন পাউন্ড। এ বছরে আইপডসহ এমপিথ্রি প্লেয়ার বিক্রি হয়েছে ৩৮১ মিলিয়ন পাউন্ড। অর্থাত্ এক বছরের ব্যবধানে এসব এমপিথ্রি প্লেয়ার পণ্যের চাহিদা কমে গেছে প্রায় ২২ শতাংশ। আর এখানেই শেষ নয়, তারা আশংকা করছে, আগামী পাঁচ বছরে এসব এমপিথ্রি প্লেয়ারের বিক্রির পরিমাণ দাঁড়াবে নগণ্য পর্যায়ে। তাদের অনুমান সত্যি হলে ২০১৭ সাল নাগাদ যুক্তরাজ্য জুড়ে এমপিথ্রি প্লেয়ারের বিক্রির পরিমাণ হবে মাত্র ২৫ মিলিয়ন পাউন্ড। খবরটা এমপিথ্রি প্লেয়ার নির্মাতাদের নিকট সুখকর নয় নিশ্চয়। এমপিথ্রি প্লেয়ারের বিক্রিতে এই ধ্বসের পেছনের কারণ হিসেবে স্মার্টফোনের আগ্রাসনকেই মনে করছে মিনটেল। এমপিথ্রি প্লেয়ারে যে ফিচার রয়েছে, তার সবগুলোই আধুনিক সব স্মার্টফোনে পাওয়া যাচ্ছে। পাশাপাশি স্মার্টফোনের বাড়তি সুবিধা তো রয়েছেই। ফলে একইসাথে দুইটি ডিভাইসের চাইতে একটি স্মার্টফোনকেই বহন করার বিষয়ে আগ্রহী হয়ে উঠেছে মানুষ। এমপিথ্রি প্লেয়ারের বাজার মূলত শুরু হয় এই শতাব্দীর শুরুতেই। অ্যাপল’র আইপড প্রথম মানুষকে পকেট ওয়াকম্যানের যুগ থেকে নিয়ে আসে ডিজিটাল এমপিথ্রি প্লেয়ারের রাজত্বে। তবে স্মার্টফোনের আগমন এবার এমপিথ্রি প্লেয়ারকেই ঠেলে দিচ্ছে পেছনে। মিনটেলের মতো আরেক প্রযুক্তি বাজার গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস সাপ্লাইও একই ধরনের মতামত প্রদান করছে এমপিথ্রি প্লেয়ার এবং স্মার্টফোনের সম্পর্ক নিয়ে। আইএইচএস সাপ্লাইয়ের ইয়ান ফগ এক বক্তব্যে বলেন, ‘একটা সময়ে এমপিথ্রি প্লেয়ার সাথে রাখা যেমন বাধ্যতামূলক হয়েছিল, তেমনি এখন সেই স্থানটি দখল করে নিয়েছে স্মার্টফোন।’ ইতোমধ্যেই যুক্তরাজ্যের দুই-পঞ্চমাংশ মানুষ অর্থাত্ প্রায় ৪০ শতাংশ মানুষের হাতে পৌঁছে গেছে স্মার্টফোন। আর আগামী বছর গিয়ে স্মার্টফোনের বিক্রি আরও বাড়বে বলেই ধারণা করছে প্রযুক্তি বিশ্লেষকরা।