রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১২’ সাড়া জাগিয়েছে সব ধরনের মানুষের মাঝেই। প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনেও ছিল মেলায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি। মেলার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় ‘ফ্রিল্যান্স আউটসোর্সিং এবং ওপেন সোর্স:অবারিত ভবিষ্যত্’ শীর্ষক এক সেমিনার। আউটসোর্সিং নিয়ে দিক নির্দেশনা মেলে এ সেমিনারে। সেমিনার শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সেলিব্রেটি শো ও কৌতুক পরিবেশনা। দুই বাংলার জনপ্রিয় কমেডি শো মিরাক্কেলের তিন বাংলাদেশি প্রতিযোগী এই পর্বে দর্শকদের মুগ্ধ করেন নিজেদের উপস্থিতি দিয়ে। এর আগে দুপুরে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। আর দিনভর ডিজিটাল চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন তো ছিলই। মূল মেলায় নানা ধরনের তথ্যপ্রযুক্তি পণ্যের উপর রয়েছে নানা ধরনের অফার এবং মূল্যহ্রাস। হিটাচি প্রজেক্টরের সাথে রয়েছে ফ্রি স্ক্রিন। সিটিসেল জুম আল্ট্রা ১৪৯০ টাকার প্যাকেজ (মডেম+কানেকশন) দিচ্ছে ৯৯০ টাকায়। সাথে আছে ১৫ গিগাবাইট পর্যন্ত ফ্রি ইউসেজ ও রিচার্জে বিশেষ উপহার। কিউবি মডেমের সাথেও আছে উপহার। তোশিবা ল্যাপটপের সাথে রিশিত কম্পিউটারের পক্ষ থেকে রয়েছে টাচস্ক্রিন মোবাইল ফোন। স্মার্ট টেকনোলজিস এইচপি কমপ্যাক ল্যাপটপের সাথে দিচ্ছে একটি করে প্রিন্টার। ব্রাদার প্রিন্টারে রয়েছে ২,০০০ টাকা পর্যন্ত ছাড়। ২৯ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
