টেক জায়ান্ট মাইক্রোসফটের অন্যতম প্রধান একজন ব্যক্তির নাম ক্রেইগ মানডি। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক পদ থেকে সরে দাঁড়ানোর পর মূলত তিনিই মাইক্রোসফটের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে গেছেন। ৬৩ বছর বয়সী মানডি ১৯৯২ সালে যোগদান করেন মাইক্রোসফটে। এরপর থেকে তিনি মাইক্রোসফটের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন। মাইক্রোসফটের যাবতীয় গবেষণার দেখভাল করে গেছেন মানডি। তবে শেষ পর্যন্ত মাইক্রোসফট ছাড়ছেন তিনি। আগামী ২০১৪ সালে ৬৫ বছর বয়সে মাইক্রোসফট থেকে অবসর গ্রহণ করবেন মানডি। তবে চিফ রিসার্চ অফিসার পদ থেকে ইতোমধ্যেই সরে দাঁড়িয়েছেন তিনি। এই পদে তার স্থলাভিষিক্ত হয়েছেন মাইক্রোসফটের আরেক প্রবীণ কর্মী এরিক রাডার। চিফ অফিসার পদ ছেড়ে দেওয়ার পর ২০১৪ সাল পর্যন্ত মানডি মাইক্রোসফটের সিইও স্টিভ বামারের সিনিয়র উপদেষ্টা হিসেবে কর্মরত থাকবেন। দীর্ঘ সময় ধরে মাইক্রোসফটের গবেষণা বিভাগকে নেতৃত্ব দিয়ে যাওয়া মানডিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালের এপ্রিল মাসে তার ‘প্রেসিডেন্টস কাউন্সিল অব অ্যাডভাইজর অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র একজন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে নেন।
