বিনোদন রিপোর্ট
আবারও মঞ্চে আসছে ‘ভাগের মানুষ’। দীর্ঘ প্রায় চার বছর পর মঞ্চস্থ হতে যাচ্ছে সময় নাট্যদলের জনপ্রিয় এই নাটকটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির ১৮০তম প্রদর্শনী হতে যাচ্ছে আজ সন্ধ্যা ৭টায়।
পাকিস্তানের লেখক সাদত হাসান মান্টোর ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন আলী যাকের। সময় এর ২৬তম প্রযোজনাটি ১৯৯৭ সালের ২৫ ডিসেম্বর প্রথম মঞ্চে আসে। দীর্ঘ ২২ বছরে দেশে-বিদেশে নাটকটির প্রদর্শনী করে আসছে দলটি। ভাগের মানুষ নাটকে ১৯৪৭ সালে দেশ বিভাগের কয়েক বছর পরের ঘটনাকে তুলে ধরা হয়েছে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, তেমনি সাম্প্রদায়িক বিষবাষ্পের তেজও নিভে যায়নি। মানুষের ভালোবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখণ্ডিত করে উপমহাদেশের এই মাটিতে রচিত হয় পাকিস্তান ও ভারত নামের দুটি রাষ্ট্র। অথচ দেশভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পাভেল ইসলাম, আকতারুজ্জামান, রেজাউর রহমান রিজন, ফখরুল ইসলাম মিঠু, মানসুরা রশীদ লাভলী, মাহমুদুল আলম, তোফায়েল সরকার, সুনিতা বড়ুয়া, মাকসুদুল বারী টিপু, আনোয়ার, মৌসুমী, সানী, মাসুম প্রমুখ।
