কী করে এলো

ট্যাক্সি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২০:০৭
বিশ্বের বিভিন্ন দেশে জনপরিবহনের একটি মাধ্যম হিসেবে বহুদিন ধরেই আলাদা একটি কদর রয়েছে ট্যাক্সির। তবে মজার বিষয় হলেও সত্য যে, ভাড়ার বিনিময়ে নির্দিষ্ট কোনো গন্তব্যে পৌঁছে দেওয়ার যে সেবার কারণে ট্যাক্সির জনপ্রিয়তা সেই ধরনের সেবার শুরুটা কিন্তু হয়েছিল গাড়ি আবিষ্কারেরও আগে। ১৬৪০ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে নিকোলাস সভেজ নামের এক ব্যক্তি ঘোড়ায় টানা গাড়ি ভাড়া দেওয়ার মাধ্যমে এ ধরনের সেবার সূত্রপাত ঘটান। এ ছাড়া এরও পাঁচ বছর আগে অর্থাত্ ১৬৩৫ সালে ঘোড়ায় টানা গাড়ির চলাচল ও ভাড়া নিয়ন্ত্রণে ইংল্যান্ডে হ্যাকনি ক্যারিয়েজ অ্যাক্ট নামের একটি আইনও পাশ হয়। অন্যদিকে বর্তমান সময়ে আমরা ট্যাক্সি বলতে যে ভাড়ায় চালিত গাড়িকে বুঝি সেই ট্যাক্সি নামটি এসেছিল ট্যাক্সিমিটার নামের একটি যন্ত্র থেকে। কোনো একটি বাহন কতোটুকু সময় বা কতোটা দূরত্ব ভ্রমণ করেছে তা পরিমাপের জন্য ১৮৯১ সালে জার্মান আবিষ্কারক উইলহেল্ম ব্রুন এটি আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে যখন ভাড়ায় চালিত গাড়ির সঙ্গে এই যন্ত্রটি যোগ করা হয় তখন থেকেই কালক্রমে ট্যাক্সি নামটি গৃহীত হয়। নির্দিষ্ট করে ট্যাক্সি সেবা দেওয়ার জন্য প্রথম গাড়ি তৈরি করে খ্যাতনামা মোটর নির্মাতা প্রতিষ্ঠান গটিলেব ডেইমলার। সেটা ছিল ১৮৯৭ সালের কথা। এ বছরেরই ১৬ জুন ডেইমলার ভিক্টোরিয়া নামের এই গাড়িটির বেশ কয়েকটি হস্তান্তর করা হয় ফ্রেডরিক গ্রেইনার নামের এক ব্যবসায়ীর কাছে। বলা বাহুল্য, এই গ্রেইনারই সে বছর চালু করেছিলেন বিশ্বের প্রথম মোটরাইজড ট্যাক্সি কোম্পানিটি। এভাবে ঊনবিংশ শতকের একেবারে শেষের দিকে এসে বিশ্বের গুরুত্বপূর্ণ একাধিক শহরেও জনপ্রিয় হয়ে ওঠে ট্যাক্সি সেবার বিষয়টি। অন্যদিকে বর্তমানে ট্যাক্সির রং হিসেবে যে হলুদ রংটি আমাদের চোখে সবচেয়ে বেশি পড়ে সেই হলুদ রঙের ব্যবহার সবার প্রথম করেছিলেন হ্যারি এলেন নামের একটি ট্যাক্সি কোম্পানির মালিক। মূলত অন্য অনেক ব্যক্তিগত গাড়ির ভিড়ে ভাড়া গাড়ি বা ট্যাক্সিকে যেন দ্রুতই লোকের নজরে ফেলা যায় সে জন্যই এ ধরনের আলাদা রঙের বুদ্ধি কাজে লাগিয়েছিলেন অ্যালেন নামের এই ব্যবসায়ী।