রাজশাহীর গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীতকরণের কাজ শেষ হলেও অনুমোদন না হওয়ায় চিকিত্সা সেবার কার্যক্রম চালু হয়নি। ১৯৯৮ সালে তত্কালীন স্বাস্থ্যমন্ত্রী গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যায় উন্নীতকরণের ঘোষণা দেন। ২০১১ সালের ২৭ মার্চ দ্বিতল ভবনটির উদ্বোধন করেন শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। ৪ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ভবনটির দু’টি রুমে নারী ও পুরুষদের জন্য আলাদা-আলাদাভাবে অত্যাধুনিক ১৯টি বেড বসানো হয়েছে। ডাক্তার-নার্সদের জন্য রুমসহ ৫০ শয্যায় উন্নীত করতে অবকাঠামোসহ সব ধরনের কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন না করায় কমপ্লেক্সে অতিরিক্ত চিকিত্সক, বেড অনুযায়ী রোগীদের খাবার ও ওষুধ সরবরাহ না পাওয়ার কারণে ৫০ শয্যায় উন্নীতকরণের কাজ শেষ হলেও কার্যক্রম চালু না হওয়ায় ভর্তিকৃত রোগীদের দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। এ স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন ডাক্তার থাকলেও উচ্চশিক্ষা ও ডেপুটেশনে ৪ জন ডাক্তার রাজশাহী ও ঢাকাতে অবস্থান করছে। নার্স রয়েছে ৫ জন। ৫০ শয্যায় উন্নীত হওয়ার জন্য আরও ৮ জন ডাক্তার ও ৬ জন নার্স প্রয়োজন। ৫০ শয্যার চিকিত্সা সেবা কার্যক্রম শুরু হলে ১৭ জন বিশেষজ্ঞ ডাক্তার ও ১২ জন নার্সের প্রয়োজন হবে। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.তৌফিকউদ্দিন জানান, ৫০ শয্যায় উন্নীতকরণের কাজ শেষ হলে নতুন দু’টি ওয়ার্ডে কার্যক্রম চালুর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে। এদিকে ৫০ শয্যার চিকিত্সা সেবার কার্যক্রম শুরু হলে গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নসহ ৯টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মানুষের চিকিত্সা সেবা নিশ্চিত হবে।
