মতলবে মাথাগোঁজার ঠাঁই হচ্ছে ভূমিহীন ২২০ পরিবারের

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৪৪
মেঘনা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যাওয়া আমিরাবাদ অঞ্চলের চরাঞ্চলে আবাসন প্রকল্প নির্মাণের মাধ্যমে ভূমিহীন ২২০ পরিবার পেতে যাচ্ছে মাথাগোঁজার ঠাঁই। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে নির্মাণাধীন এই ছোট চরকালিয়া আশ্রয়ণ প্রকল্পের ইতিমধ্যে ৬৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এই আশ্রয়ণ প্রকল্পটির ৯ একর জমির উপর নির্মিত হচ্ছে বড় বড় ৪৪ টি ঘর এবং এর প্রত্যেক ঘরে থাকবে ৫টি করে পরিবার। ভূমিহীন এই পরিবারগুলোর জন্য রান্নাঘর, স্যানিটারী লেট্রিন, বিশুদ্ধ খাবার পানির চাপকল, গোসল করা ও মাছ চাষের জন্য বড় একটি পুকুর, থাকবে ২টি কমিউনিটি সেন্টার। আর এসব নির্মাণে এই আবাসনের দায়িত্বে রয়েছেন প্রকল্প টুআইসি কুমিল্লা সেনানিবাসের মেজর মোঃ মাকদুমুল ইসলাম। সরেজমিনে সার্বক্ষণিক থেকে কাজ তদারকি করছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রফিক। ২০১২ সালের জুন মাসে ২২০ পরিবারের জন্য এই ছোট চরকালিয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের কাজ শুরু হয়। ঘর নির্মাণ কাজে অর্থ বরাদ্দ ২ কোটি ১৭ লক্ষ ৬৬ হাজার ৮শ’ টাকা। আশ্রয়ণ প্রকল্পে ৪৪ টি ঘর ছাড়াও রয়েছে বিশুদ্ধ খাবার পানির জন্য ২২টি চাপকল, ৪ কক্ষে পৃথক পৃথক এ রকম ২২ টি টয়লেট, ৪ কক্ষে ৪ চুলা বিশিষ্ট ২২ টি রান্না ঘর। আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ ইতিমধ্যে ৬০/৬৫ ভাগ শেষ হয়েছে। অবশ্য, এর আগে ৭৪১.৪৮ মেট্রিক টন চালের বিপরীতে এই আশ্রয়ণ প্রকল্পের মাটি ভরাটের কাজ শেষ হয়। মাটি ভরাট ও ঘর নির্মাণ খরচের বাইরে ২টি কমিউনিটি সেন্টার ও পাকা ঘাটলার জন্য অর্থ বরাদ্দ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।