দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা, কুত্সা রটানো ও ষড়যন্ত্রের অভিযোগে সাম্যবাদী দলের রাজশাহী জেলার ভারপ্রাপ্ত সম্পাদকসহ ৪ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এরা হলেন, মাহবুবুর রহমান, এরশাদ আলী, গোলাম মুর্তজা মুরাদ ও হাবিব। মঙ্গলবার রাতে জেলা কমিটির সভাপতি কমরেড আনসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় তাদের বহিষ্কার এবং রাজশাহী মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এছাড়া আগামী ১৩ জানুয়ারি রাজশাহী শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিতব্য দলের কর্মী সমাবেশে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াকে প্রধান অতিথি করার সিদ্ধান্ত নেয়া হয় বলে দলীয় সূত্রে জানা যায়। প্রসঙ্গত, বহিষ্কৃতরা সমপ্রতি সংবাদ সম্মেলন করে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন।
