জগন্নাথপুরে যাত্রার নামে অশ্লীলতা জুয়ার আসরে ১ ব্যক্তির মৃত্যু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৪৭
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা গ্রামে আনন্দ মেলা ও যাত্রা গানের নামে শুরু হয়েছে অশ্লীল নৃত্য, মদের আসর ও জুয়া খেলা। সোমবার ভোর রাতে জুয়ার আসরে কাজিম আলী (৫৫) নামের এক জুয়াড়ীর মৃত্যু হয়েছে। জুয়ার আসরে বিপুল পরিমাণ টাকা খুয়ে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত কাজিম আলী জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর (বন) গ্রামের বাসিন্দা। গত ১৬ ডিসেম্বর থেকে লাউতলা গ্রামের দবির মিয়া তার সহযোগীদের নিয়ে গ্রামের মাঠে আনন্দ মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চালিয়ে যাচ্ছেন। এসব আনন্দ মেলার আবেদনপত্রে সংসদ সদস্য এম এ মান্নানের সুপারিশ রয়েছে বলে আয়োজনকারীরা জানিয়েছেন। এদিকে সোমবার উপজেলার মীরপুর ইউনিয়নের লামাটুকের বাজারে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন।