চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে পদ্মার ভাঙ্গন রোধে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ১৬৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের নাম দেয়া হয়েছে পদ্মা নদীর ভাঙ্গন হতে চাঁপাইনবাবগঞ্জ জেলার আলাতুলি এলাকা রক্ষা প্রকল্প। এর মধ্যে ২০১২-২০১৩ অর্থবছরে অনুমোদিত প্রকল্পের থোক বরাদ্দ থেকে ৩ কোটি টাকা বরাদ্দ করা হয়। বর্তমানে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে বলে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী মুখলেসুর রহমান জানান। ১২টি গ্রুপে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। কাজ শেষ হবে ২০১৪-২০১৫ অর্থবছরে। জানা গেছে, ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের ৬টি ওয়ার্ডের শ’ শ’ একর জমি, বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও ৫টি মসজিদ পদ্মা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। সর্বস্বান্ত হয়েছে হাজার হাজার পরিবার। ২০১১ সালের ২৩ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মার ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিশ্রুতি দেন। এ ব্যাপারে সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, আলাতুলির ভাঙ্গন রোধে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ২০১২-২০১৩ অর্থবছরে প্রথম পর্যায়ে ৩ কোটি টাকা বরাদ্দে পদ্মা নদীর ভাঙ্গন হতে আলাতুলি এলাকা রক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছে। আশা করছি অচিরেই কাজ শুরু হবে।
