ফুলছড়িতে ৭দিন পর শিক্ষকের লাশ উদ্ধার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৩
গাইবান্ধার ফুলছড়িতে যাত্রীবাহী নৌ-ডাকাতির সময় ডাকাতের হাতে অপহূত সদর উপজেলার মোল্ল¬ারচর ইউনিয়নের চিথুলীয়া দিগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাফিজুরের লাশ এক সপ্তাহ পর মঙ্গলবার ফুলছড়ি থানা পুলিশ ব্রহ্মপুত্র নদের চরফজলুপুর ইউনিয়নের কাউয়াবাধা এলাকা থেকে উদ্ধার করেছে। ফুলছড়ি থানার ওসি আব্দুল মান্নান উদ্ধারকৃত লাশ শিক্ষক হাফিজুরের বলে নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর রূপালী ব্যাংক লিমিটেড গাইবান্ধা শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, কর্মকর্তা কমরেড খান এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকসহ ১৪ জন যাত্রী নিয়ে ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে বালাসীঘাট থেকে একটি নৌকায় চিথুলীয়া দিগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির ১ লাখ ৯৩ হাজার ২৫০ টাকা বিতরণের কথা ছিল। নৌকাটি সাড়ে ১২টার দিকে ব্রহ্মপুত্র নদের ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ির কাচিরচর এলাকায় পৌঁছলে ওত পেতে থাকা অপর একটি নৌকা নিয়ে ১০ থেকে ১২ জনের একদল মুখোশ পরিহিত ডাকাত তাদের ঘিরে ফেলে। তারা রিভলবারসহ দেশীয় অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে টাকার ব্যাগ লুট করে নেয়। ডাকাতরা ঐ সময় উক্ত শিক্ষক হাফিজুর রহমানকে অপহরণ করে নিয়ে যায়।