গত দেড় যুগেও জেলা আওয়ামী লীগের কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়নি।১৯৯৩ সালের পর পিরোজপুর জেলায় আওয়ামী লীগের কোন কাউন্সিল হয়নি।১৯৯৫ সালে তত্কালীন কমিটি কেন্দ্র থেকে ভেঙ্গে দিয়ে ১৯৯৯ সালে একটি আহ্বায়ক কমিটি করা হয়েছিল।
২০০১ সালের ডিসেম্বরে কমিটির আহ্বায়ক পদত্যাগ করলে ২০০৩ সালে শুধু সভাপতি, দুইজন সহ-সভাপতি ও একজন সাধারণ সম্পাদক এবং অর্ধশত সদস্য নিয়ে জেলা আওয়ামী লীগের একটি কমিটি কেন্দ্র থেকে গঠন করে দেয়া হয়। যা সংগঠনের গঠনতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তবে ঐ সময় কেন্দ্র থেকে বলা হয়েছিল, গঠনতন্ত্র অনুযায়ী পদ-পদবী বিন্যাস করে স্থানীয় পর্যায়ে জেলা কমিটিকে শিগগিরই কার্যক্ষম করা হবে।
২০০৪ সালে জেলা কমিটির সভাপতির মৃত্যুর পরে এ বিন্যাস যেমন হয়নি, তেমনি ৯ বছর ধরে গঠনতন্ত্রের সাথে অসংগতিপূর্ণ কমিটি দিয়ে পিরোজপুরে আওয়ামী লীগের জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংগঠনের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোঃ আকরাম হোসেন জানান, অধস্তন কমিটিগুলোর বেশীরভাগ কাউন্সিল অসমাপ্ত রয়ে গেছে। বহু ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির কাউন্সিল অধিবেশন করা হয়নি। এ কারণে কোন থানা কমিটিরও কাউন্সিল সম্মেলন সম্পন্ন করা যায়নি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম এ আউয়াল এমপি জানান, কেন্দ্রীয় কাউন্সিলের আগে জেলা শাখার কাউন্সিল সম্পন্ন না হলেও আগামী ফেব্রুয়ারীর মধ্যে তা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে কেন্দ্র থেকে তিন মাস মেয়াদ সমপ্রসারণের অনুমতি নেয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের সদস্য গৌতম নারায়ণ রায় চৌধুরী ইত্তেফাককে বলেন, দীর্ঘ ১৯ বছর আগে এই জেলায় আওয়ামী লীগের কাউন্সিলে সর্বশেষ পূর্ণাঙ্গ ও নিয়মিত কমিটি গঠন করা হয়।
