লক্ষ্মীপুরে ৬ পুলিশ গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যানসহ ৮২ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৪
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়ায় সোমবার রাতে পুলিশের সাথে শামীম ও আজিজ বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শামীমসহ ৮২ জনের বিরুদ্ধে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউদ্দিন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর থানায় মামলা করেছেন। অপরদিকে একই সময় মামলা দায়েরের প্রতিবাদ ও এসআই আলাউদ্দিনের বিচার দাবি করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছেন দত্তপাড়া ইউপি চেয়ারম্যান নূর হোসেন শামীম। সম্মেলনে তিনি অভিযোগ করেন, আমাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আজিজ, মুন্না ও ইছমাইল বাহিনীর সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে। এ সময় বাজারের ব্যবসায়ী ও পুলিশের কয়েকজন সদস্য গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পুলিশ আমাকে ও আমার লোকজনকে জড়িয়ে একটি মামলা করেছে। সদর থানার ওসি গোলাম সরোয়ার জানান, শামীম বাহিনীর সন্ত্রাসীদের গুলিতে ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। থানায় মামলা হয়েছে।