কিশোরগঞ্জে সংবর্ধনা ও সম্মাননা প্রদান
কিশোরগঞ্জ প্রতিনিধি\ আব্দুল হালিম খান ফাউন্ডেশনের উদ্যোগে করিমগঞ্জ উপজেলার এসএসসি, দাখিল ও কলেজ পর্যায়ে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান বুধবার জেলা সদরের সমবায় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশিদা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুণ-অর-রশীদ সরকার ।
কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচন
কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি পদে এ. টি. এম মোস্তফা ও মো. নাজিরুল হক, সাধারণ সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম নির্বাচিত হন।
মহালছড়িতে সেনাবাহিনীর কনসার্ট
মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা\ মহালছড়িতে ২৫ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সেনাবাহিনীর উদ্যোগে চট্টগ্রাম, খাগড়াছড়ি জেলা থেকে আগত ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় হাজারো দর্শকের উপস্থিতিতে সন্ধ্যাকালীন কনসার্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন লে: কর্নেল শহীদুল ইসলাম, মহালছড়ি জোন অধিনায়ক।
লোহাগাড়ায় জলবায়ু বিষয়ে মতবিনিময়
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ গত সোমবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে জলবায়ু পরিবর্তন, বন সংরক্ষণে নারী এবং সহ-ব্যবস্থাপনা অর্জন বিষয়ক মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য সহ-ব্যবস্থাপনা পরিষদের সভাপতি সারা দিবার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন চুনতি অভয়ারণ্য সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিন আহমদ খান।
চলনবিলে সেনাবাহিনীর চিকিত্সা সেবা প্রদান
চলনবিল সংবাদদাতা\ চলনবিলের ৪ উপজেলার সীমান্তবর্তী নওগাঁয় বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়ার অংশ হিসেবে বিনামূল্যে ঔষধ প্রদান ও ফ্রি ব্যবস্থাপত্র প্রদান করছে। ২৫ডিসেম্বর থেকে ২৭ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে চিকিত্সার ব্যবস্থা চলবে বলে নওগাঁ শীতকালীন মহড়া ক্যাম্প কমান্ডার সূত্রে জানা গেছে।
রামগঞ্জ গুনীজন সংবর্ধনা
রামগঞ্জ(লক্ষ্মীপুর)সংবাদদাতা \ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার ব্রাইটের উদ্যোগে গুণীজন সংবর্ধনা প্রদান করে। ব্রাইটের সভাপতি হোসেন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা কর্মসংস্থান ও যোগাযোগ ক্ষেত্রে বিশেষ অবদানে একেএম আমিনুল ইসলাম, শিক্ষা-সংস্কৃতি ও জননিরাপত্তায় বিশেষ অবদানে মিল্কভিটার সাবেক ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সাংসদ আনম শামসুল ইসলাম, পৌর মেয়র বেলাল আহম্মেদ।
গফরগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ
গফরগাঁও সংবাদদাতা \ ময়মনসিংহের গফরগাঁওয়ের ২’শ ১০জন হতদরিদ্র ও অসুস্থ মুক্তিযোদ্ধাকে শীতবস্ত্র প্রদান করেছে দেশের খ্যাতনামা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান মেডোনা গ্রুপ। মেডোনা গ্রুপের চেয়ারম্যান আখতারুজ্জামানের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৮ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সলিম উল্লাহ।
নবাবগঞ্জে ঈদগাঁহ দখলের অভিযোগ
নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা\ ঢাকা নবাবগঞ্জ উপজেলায় টিনের ঘর নির্মাণ করে ঈদগাঁহ মাঠ দখলের অভিযোগ উঠেছে। উপজেলার আগলা ইউনিয়নের আগলা পূর্বপাড়া মিয়াবাড়ি জামে মসজিদের পূর্বদিকে আগলা মৌজার আরএস ১নং খতিয়ানের ৪৪নং দাগের ৩৫ শতাংশ জমিতে স্থানীয় এলাকাবাসী ঈদের নামাজ আদায় করে থাকেন। যা আরএস খতিয়ানে ঈদগাঁহ্-এর নাম অন্তর্ভুক্ত রয়েছে। জায়গাটিতে মো. মতি, আব্দুল লতিফ, মো. রমিজসহ ১৫/২০জন লোক টিনসেড স্থাপনা নির্মাণ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় নাদিম মেম্বার অভিযোগ করে বলেন, বিরোধকৃত সম্পতি ঈদগাঁহ-এর নামে রেকর্ডীয়। তারা আইন-আদালত উপেক্ষা করে টিনসেড ঘর নির্মাণ করেছে। অভিযোগ অস্বীকার করে আব্দুল লতিফ বলেন, বিচারাধীন জায়গাটি তাদের ক্রয়কৃত সম্পত্তি। নবাবগঞ্জ থানা সহকারী উপ-পরিদর্শক আব্দুল খালেক জানান, ঘটনাস্থল পরিদর্শন করে স্থাপনা নির্মাণ বন্ধ করতে বলা হয়েছে।
নাসিরনগরে দুর্নীতিবিরোধী নাট্য পদযাত্রা
নাসিরনগর সংবাদদাতা\ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পথনাটকের মাধ্যমে জনগণকে জাগ্রত করতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জনতার আদালত নাট্য পদযাত্রা মঙ্গলবার দুইটি স্থানে অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ ঘাতক বাসচালককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি\ কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে সাদুল্লারচরে দুর্ঘটনাকবলিত ঘাতক বাসচালককে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী গতকাল বুধবার ডিসি কার্যালয়ের সামনে রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন মো. আনিসুজ্জামান খোকন।
ভাঙ্গুড়া ইউনিয়ন হাইস্কুলে অনুষ্ঠিত হচ্ছে প্লাটিনাম জুবিলি
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা\ ৭৫ বছর পূর্তিতে ২৭ ডিসেম্বর পাবনার ভাঙ্গুড়া ইউনিয়ন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে প্লাটিনাম জুবিলী। উদ্বোধন করবেন এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র ও সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আরেক প্রবীণ ছাত্র ও সাবেক সংসদ সদস্য মোঃ ময়েন উদ্দিন মিয়াজী।
ফটিকছড়িতে বিজয় মেলা উদ্বোধন
ফটিকছড়ি(চট্টগ্রাম) সংবাদদাতা\ ৭১-এর ঘাতক যুদ্ধাপরাধীদের বিচারের প্রত্যয়ে ২৫ডিসেম্বর ফটিকছড়ির পাইন্দং-এ শুরু হয়েছে ১০দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। মেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম চৌধুরী।
ভালুকায় বার্ডফ্লু প্রতিরোধে সভা
ভালুকা সংবাদদাতা\ উপজেলার বিভিন্ন এলাকার খামারী, মুরগি বিক্রেতাদের অংশগ্রহণে বুধবার ভালুকা উপজেলা পরিষদ সভাকক্ষে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা/বার্ডফ্লু প্রতিরোধে জনসচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলামুর রহমানের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।
শেরপুরে আগ্নিদগ্ধ শিশুর মৃত্যু
শেরপুর (বগুড়া) সংবাদদাতা\ বগুড়ার শেরপুরে আগুনে পুড়ে হামিদা (৭) নামের শিশুকন্যার করুণ মৃত্যু হয়েছে। ঝলসে গেছে নিহত হামিদার মা শিরিন(৩৫) ও ছোট বোন ইশরাত (৩)। হামিদা উপজেলার চকখানপুর গ্রামের হামিদুলের কন্যা। মঙ্গলবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম।
আশুগঞ্জে এপেক্স ক্লাব-এর সম্মেলন
আশুগঞ্জ সংবাদদাতা\ আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব জেলা-৮ এর সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের আলোচনা সভা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও ক্যান্সার আক্রান্ত একজন রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা আসন-৩১২ সংসদ সদস্য অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল।
সাতক্ষীরায় মাশরুম চাষে কর্মশালা
সাতক্ষীরা প্রতিনিধি \সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর আফাজউদ্দীন মেমোরিয়াল স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে এডুকেশন ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ঢাকা’র আয়োজনে বুধবার থেকে তিন দিনের মাশরুম চাষ বিষয়ে প্রশক্ষিণ কর্মশালা শুরু হয়েছে।
রাজাপুর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা\ দাগনভূঞা উপজেলা রাজাপুর হাইস্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন মঙ্গলবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে নিজাম উদ্দিন বাচ্চু, নুরনবী স্বপন, আবুল খায়ের এবং মাহাবুবুল ইসলাম নির্বাচিত হয়।
চাটখিলে আইন-শৃঙ্খলা কমিটির সভা
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদ দাতা\ নোয়াখালী জেলার চাটখিল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তরির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাছান আহাম্মেদ।
সেনবাগ মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন
সেনবাগ সংবাদদাতা\ নোয়াখালীর সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার স্থানীয় গণমিলনায়নে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন-জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে এমপি জয়নুল আবদিন ফারুক।
হোমনায় এডভোকেসি সভা
হোমনা সংবাদদাতা\ কুমিল্লা হোমনা উপজেলায় পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ পালনে এডভোকেসি সভা বুধবার হোমনা হাসপাতাল প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প.প.কর্মকর্তা ডা. মো. হারুন-অর-রশিদ।
টাঙ্গাইলে বিনামূল্যে চক্ষু চিকিত্সা
টাঙ্গাইল প্রতিনিধি\ সৌদি ভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন মঙ্গলবার দরিদ্র মানুষদের বিনামূল্যে চক্ষু চিকিত্সা সেবা দিয়েছে । টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তারা চক্ষু চিকিত্সা ক্যাম্পের আয়োজন করে। টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক এ ক্যাম্প উদ্বোধন করেন ।
নবীনগরে ইসলামী ছাত্রসেনা কমিটি
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ইসলামী ছাত্র সেনার কমিটি মঙ্গলবার আহলে সুন্নাত ওয়াল জামায়াত নবীনগর উপজেলা অফিস গাউছিয়া দরবার শরীফে গঠিত হয়। আলমদিনা গণ-পাঠাগারের সভাপতি আলহাজ্ব মো: খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্র সেনার সভাপতি মো: মিজানুর রহমান, পীর সাহেব মোবারক আলী।
মুন্সীগঞ্জে পিঠা উত্সব
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জে সার্কিট হাউসে মঙ্গলবার পিঠা উত্সব হয়েছে। দেশীয় নানান ধরনের পিঠার সমাবেশ ঘটে এই উত্সবে। পরে ভাপা, কুলি, বিবিখানা, পাটিসাপটা, ডুল্লাসহ হরেক রকমের পিঠা দিয়ে অতিথি আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বাদল।
মঠবাড়িয়ায় কৃষি সমবায়ীদের সমাবেশ
মঠবাড়িয়া সংবাদদাতা\ পিরোজপুরের মঠবাড়িয়ায় মঙ্গলবার কৃষি সমবায়ীদের এক সমাবেশ স্থানীয় সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন আফজালের সভাপত্বিতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাদিকুর রহমান।
বানারীপাড়ায় ছাত্রবন্ধন ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বানারীপাড়া সংবাদদাতা\ বানারীপাড়ায় ছাত্রবন্ধন ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। মঙ্গলবার বাসস্ট্যান্ডে সংগঠনের কার্যালয়ে ছাত্রবন্ধন ফোরামের সভাপতি আক্তারুজ্জামান ডলারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আ’লীগ নেতা আলহাজ্ব এস এম হারুন, প্রভাষক মোয়াজ্জেম হোসেন।
ঝিনাইদহে বিএনপির সমাবেশ
হরিণাকুন্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা \ ঝিনাইদহ জেলার ডাকবাংলা কলেজ মাঠে মঙ্গলবার বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ ীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুজ্জামান দুদু, উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ ীয় সাংগাঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মোঃ মসিউর রহমান।
জগন্নাথপুরে আলোচনা সভা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দ ইন্টারন্যাশনাল স্কুলের ৩য় বর্ষে প্রদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে সৈয়দ ভবনস্থ এনআরবি সেন্টারে বক্তব্য রাখেন সংসদ সদস্য এম এ মান্নান।
মহেশখালীতে ট্যাবলেট বিতরণ
কক্সবাজার সংবাদদাতা\ বাংলাদেশ সরকার ও ই,ইউ এর অর্থায়নে কোস্ট ট্রাস্টের বাস্তবায়নে কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টিকর বিস্কুট বিতরণের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়।
ঘোড়াঘাটে এইডস বিষয়ক ক্যাম্পেইন
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা \ গতকাল বুধবার উপজেলার চাঁদপাড়া রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ে দীপশিখা বনিফাড প্রকল্পের আয়োজনে জারি গানের মাধ্যমে এইডস বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা বেগম সিদ্দীকা।
হোমনা স্কুলে মেধা পুরস্কার বিতরণ
হোমনা সংবাদদাতা\ হোমনা টিউলিপ কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষার্থীদের মেধা পুরস্কার বিতরণ বুধবার টিউলিপ কিন্ডার গার্টেন মাঠে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মো. আঃ বাতেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. হেলাল হোসেন। বক্তব্য রাখেন হোমনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আঃ ছাত্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওবায়দুল কবির খান।
রামুর বৌদ্ধ বিহারে হামলার ঘটনায় আরও ২ জন গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি \ রামুর বৌদ্ধ বিহার ও বসতিতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আরো ২ জনকে গ্রেফতার করেছে। জেলা গোয়েন্দা পুলিশ ও রামু থানা পুলিশ সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে রামুর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার মৃত নাজির হোসেনের ছেলে জহিরুল আলম এবং উখিয়ারঘোনা এলাকার মোহাম্মদ হাসানের ছেলে মোহাম্মদ এনাম। জহিরুল আলম রামুর জেতবন বৌদ্ধবিহারে এবং এনাম জাদীপাড়া আর্যবংশ বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ মামলার অভিযুক্ত আসামী। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতে পাঠানো হলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়।
