দীর্ঘ ১৮ বছর ধরে দায়িত্বে থাকা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক এম এ সালাম পুনরায় সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। আগামী তিন বছর তারা দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শেষে উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও এম এ সালামের নাম প্রস্তাব করা হয়। জেলার অপর সহ-সভাপতি আবুল কাশেম মাস্টার এমপি এ প্রস্তাব সমর্থন করেন। পরে দলের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের মতামত জানতে চাইলে তারা হাত তুলে সমর্থন জানান। পূর্ণাঙ্গ কমিটি কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হবে।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের। তিনি আগামী অধিবেশনে বিরোধী দলকে সংসদে যোগ দিয়ে নির্বাচনের রূপরেখা তুলে ধরার আহবান জানিয়ে বলেন, হরতাল, অবরোধ করে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সংসদে আসুন। তিনি বলেন, সামনে কঠিন চ্যালেঞ্জ। উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, এবিএম আবুল কাশেম মাস্টার এমপি।
