সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের লন্ডন মার্কেট সংলগ্ন এলাকায় ডিএনডি’র নিষ্কাশন খালের উপর নির্মিত ব্রিজটি এখন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ব্রিজটিতে কোন রেলিং নেই। দু’দিকে খোলা। ইট-সুরকি খসে খসে পড়ছে। রেলিং না থাকায় গত বছর এক যুবক ব্রিজ থেকে পড়ে গিয়ে মারা যায়। ব্রিজটি যে কোন সময় ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, ডিএনডি খালের উপর প্রায় ৫০ বছর আগে মাত্র ১০/১২ ফুট চওড়া করে একটি পাকা ব্রিজ নির্মাণ করা হয়। ঐ সময়ে সানারপাড় এলাকায় কয়েকটি বাড়িঘর ছাড়া আর কিছুই ছিল না। পরবর্তীতে কাঁচপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সম্প্রাসরণ করার পর সানারপাড় এলাকায় বাড়িঘর, শিল্পকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের হিড়িক পড়ে যায়। বর্তমানে সানারপাড় ও তার আশপাশের এলাকায় লোকে লোকারণ্যে। অথচ আজ অবধি ব্রিজটি সমপ্রাসরণ ও সংস্কার করা হয়নি। ইতোমধ্যে ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রিজটির নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ডিএনডি‘র অভ্যন্তরের নর্দমা, ময়লা-আর্বজনা ও মিল কারখানার বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত পচা পানি।
তারপরও জরাজীর্ণ এ ব্রিজটি দিয়ে ভারি মালামাল নিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন জানান, ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর শাহ জালাল বাদল এলজিইডি কর্তৃপক্ষ ব্রিজটি ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণ করার উদ্যোগ নিচ্ছে।
