পালিত সাপের কামড়েই একদিন খালেদা জিয়ার মহাবিপদ হবে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২২:১৪
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী জামায়াতকে বিষধর সাপ আখ্যায়িত করে বলেছেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বিষধর সাপ পুষছেন। এই সাপের কামড়েই একদিন তার মহাবিপদ হবে। অবশ্য এক সাপ আরেক সাপকে চিনবে এটাই স্বাভাবিক। গতকাল বুধবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত বিজয় মঞ্চে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। ‘সাপকে বিশ্বাস করা যায় তবু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না’ মর্মে খালেদ জিয়ার বক্তব্যের সমালোচনা করে সাজেদা চৌধুরী আরো বলেন, সাপ উনি চেনেন ভালো। জাতে জাত চেনে। এক সাপ আরেক সাপকে চেনে। আমরা সাপ হতে পারি না। একাত্তরে আমরা মানুষকে সাপের হাত থেকে বাঁচিয়েছি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাসব্যাপী বিজয় দিবস উদযাপনে গঠিত জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাসিম নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, আমাদের যুদ্ধ কেবল যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে নয়, রাজাকারের আশ্রয়দাতা খালেদা জিয়ার বিরুদ্ধে। তিনি বলেন, খালেদা জিয়া আসলে যুদ্ধাপরাধীদের বিচার চান না। মানবতা বিরোধীদের বাঁচাতেই তার গণসংযোগ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক খালেদা জিয়ার জনসংযোগে দেয়া বক্তব্য প্রত্যাহারের আহবান জানিয়ে বলেন, দেশ যখন শান্তির পথে এগুচ্ছে আপনি তখন দেশে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করছেন।