শিনজো আবে জাপানের প্রধানমন্ত্রী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২২:১৫
জাপানে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন রক্ষণশীল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতা শিনজো আবে। গতকাল বুধবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ আবেকে (৫৮) প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে। - খবর বিবিসির। গত ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে এলডিপি জয়লাভ করে। ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির (ডিপিজে) শোচনীয় পরাজয়ে দলটির নেতা প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা ক্ষমতা থেকে সরে দাঁড়ান। পার্লামেন্টের নিম্নকক্ষে এলডিপি ও এর শরিক দলগুলোর দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। গত ছয় বছরের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন শিনজো আবে। তাকে কঠোর মধ্যডানপন্থি নেতা হিসেবে বিবেচনা করা হয়। এর আগে ২০০৬ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। দলীয় মন্ত্রীদের কেলেঙ্কারি এবং বিপুল সংখ্যক বয়স্ক নাগরিকের পেনশন বিষয়ক তথ্য হারিয়ে ফেলায় জনগণের চাপের মুখে এক বছরের মাথায় পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।