রাশিয়ায় আগাম শীতে ১২৩ জনের মৃত্যু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২২:১৬
রাশিয়ায় গত ১০ দিনে প্রচণ্ড ঠাণ্ডায় ১২৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় মস্কো ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। সাইবেরিয়ার পূর্বাঞ্চলে তাপমাত্রা ছিল মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস।— খবর এএফপির। মঙ্গলবার এক চিকিত্সকের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, শীতের শুরু থেকে এ পর্যন্ত অরক্ষিত অবস্থায় প্রচণ্ড ঠাণ্ডায় জমে ১২৩ জন মারা গেছে। সূত্র আরো জানায়, প্রচণ্ড ঠাণ্ডার কারণে হাইপোথার্মায় আক্রান্ত প্রায় ৮৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ১২৩ জন। এদের মধ্যে ১৪ শিশু রয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির অন্যতম দরিদ্র অঞ্চল সাইবেরিয়ার দক্ষিণাঞ্চলের তাইভার খোভু আকসি গ্রামের পরিস্থিতি তুলে ধরে। তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রিতে নামার সাথে সাথে স্থানীয় বৈদ্যুতিক কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। স্কুলগুলোতে জরুরি হিটিং সিস্টেম রয়েছে। স্কুলে আশ্রয় নেয়া এক শরণার্থী টেলিভিশন চ্যানেল-২৪কে বলেন, এখানে কিছুই নেই, এমনকি পানিও না। পানির জন্য আমাদেরকে বরফ গলাতে হবে। বাড়ির তাপমাত্রা হিমাঙ্কের নিচে রয়েছে। প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, শিশুসহ বেশ কয়েকজন বাসিন্দাকে হেলিকপ্টারে করে কিজিলের আঞ্চলিক আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।