কুড়িগ্রাম জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আব্দার হোসেন বুলুর নেতৃত্বে দুই সহস্রাধিক নেতাকর্মী গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এ উপলক্ষে কুড়িগ্রাম পৌর সভার হরিকেশ প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক। এতে কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট উপজেলার দুই সহস্রাধিক জাপার নেতা-কর্মী ও সমর্থক যোগ দেয়। আলোচনা সভায় সবাই বর্তমান জাপার জেলা আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরীর প্রতি অনাস্থা এনে আওয়ামী লীগে যোগদানের সিদ্ধান্ত নেয়। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাফর আলীর হাতে ফুলের তোড়া দিয়ে জেলা পার্টির সাবেক সাধারণ সম্পাদক আব্দার হোসেন বুলুসহ দুই সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।
