দৈনিক আমার দেশের বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগে মামলা এবং পত্রিকার প্রকাশনা সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ। এর আগে হাইকোর্ট, পত্রিকাটি স্কাইপি সংলাপ প্রকাশ করে মুদ্রণ ও প্রকাশনা আইনের কোন ধারা লংঘন করেছে কি না তা খতিয়ে দেখতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছিলো। প্রয়োজনে বিষয়টি প্রেস কাউন্সিলের বিবেচনার জন্যও পাঠানোর অভিমত দেয় আদালত। হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে, আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিয়া গতকাল বুধবার এই স্থগিতাদেশ দেন।
পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে এ আবেদন করেন। তার পক্ষে সিনিয়র আইনজীবী এডভোকেট টিএইচ খান, ব্যারিস্টার রফিক-উল-হক ও এডভোকেট এজে মোহাম্মদ আলী এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট এম কে রহমান শুনানি করেন।
পরে এম কে রহমান বলেন, আদালত, হাইকোর্টের দেয়া অন্তবর্তীকালীন আদেশ ৬ সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছে। এই সময়ের মধ্যে তাদেরকে নিয়মিত আপিল আবেদন দায়ের করতে বলেছে।
এডভোকেট আজাহারউল্লাহ ভূইয়ার করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ১৩ ডিসেম্বর আমার দেশের বিরুদ্ধে ঐ আদেশ দেয়।
