রাত এগারোটার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের রাস্তাগুলোতে বের হলেই চোখে পড়ে ছিন্নমূল মানুষের জীবন সংগ্রাম। বাস্তুহারা এইসব মানুষ ঢাকা শহরে পাড়ি জমিয়েছে দুইবেলা দুমুঠো ভাতের আশায়। কিন্তু কোনো কাজে দক্ষতা না থাকায় সাধারণত এরা ক্যাম্পাসে ভিক্ষাবৃত্তি বা ক্ষুদ্র ব্যবসায় করে জীবিকা নির্বাহ করে থাকে। যা রাজধানী শহরে টিকে থাকার মতো অর্থের জোগান দেয় না। বাধ্য হয়েই এসব মানুষ আধাপেট খেয়ে অথবা না-খেয়ে শুয়ে পড়ে ঢাকা মেডিক্যাল কলেজের সামনের ফুটপাতে অথবা পলাশী মোড়ের ফুটপাতগুলোতে। এই চিত্র শুধু ঢাবি ক্যাম্পাসের আশেপাশের না—এই চিত্র পুরো ঢাকা শহরের প্রতিনিধিত্ব করে। এই দৃশ্যগুলো থেকে দেশের ছিন্নমূল মানুষের জীবনযাত্রার মান বোঝা যায়। মানব সম্পদে পরিপূর্ণ এই বাংলাদেশে এই ধরনের দৃশ্য কখনোই কাম্য নয়। সরকারের উচিত এসব ছিন্নমূল মানুষকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিয়ে মানব সম্পদে পরিণত করা। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করলে বিদেশে জনশক্তি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। তাছাড়াও দক্ষ জনশক্তি দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে, যার মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত রূপকল্প ২০২১-এর বাস্তবায়ন অতিদ্রুত সম্ভবপর হবে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আবদুল্লাহ আল বারী (শাকিল)
শিক্ষার্থী, ভাষাবিজ্ঞান বিভাগ,
মাস্টারদা সূর্যসেন হল,
ঢাকা বিশ্ববিদ্যালয়
