প্রতিবন্ধী লাভলীকে দারিদ্র্যও দমাতে পারেনি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:১২
দারিদ্র্যকে জয় করে শারীরিক প্রতিবন্ধী মরিয়ম বেগম লাভলী এবছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ (৩.৫০) পেয়েছে। পাস করলেও সে উচ্চশিক্ষা নিয়ে রয়েছে শংকিত। কান্নাজড়িত কণ্ঠে সে ইত্তেফাককে জানায়, দরিদ্র বাবার মেয়ে আর শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে হয়তো আর লেখাপড়া করা সম্ভব হবে না। তবে একটু সহায়তা পেলেই লেখাপড়া চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে লাভলী। এদিকে তার অভিযোগ, পরীক্ষার প্রথম দিনে সরকার ঘোষিত অতিরিক্ত ২০ মিনিট সময় তাকে দেয়া হলে সে ফলাফল আরও ভাল করতে পারত। জানা গেছে, রাজমিস্ত্রী মঞ্জুর মেয়ে মরিয়ম বেগম লাভলী। বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে। সংসারের অভাব-অনটনের কারণে ছোটবেলায় লাভলীর আশ্রয় হয় উপজেলার ভাদাই ইউনিয়নের নানা মোসলেমউদ্দিনের বাড়িতে। নানী ছকিনা বেগমের সহায়তায় হুইল চেয়ারে বসে ভাদাই জিএস মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে সে। তার নানী ছকিনা বেগম জানান, জন্মের পর থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত লাভলী স্বাভাবিক জীবন-যাপন করলেও আকস্মিক জ্বরে অসুস্থ হয়ে শারীরিক প্রতিবন্ধী হয়ে যায়। এরপর তার পথ চলার একমাত্র অবলম্বন একটি হুইল চেয়ার। আর হুইল চেয়ারে বসে তৃতীয় শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত স্কুলে প্রতিদিন যাতায়াত। তিনি আরও জানান, সংসারের সব কাজ ফেলে তাকে প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া-আসা করা খুব কষ্ট হতো। তবে সংসারের অভাবের কারণে হয়তো তার আর উচ্চশিক্ষা গ্রহণ করা সম্ভব হবে না। তিনি সমাজের বিত্তশালীদের সহায়তা করার জোর দাবি জানান।