পাংশায় গ্রাম আদালতের সহকারী অপহূত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:১২
রাজবাড়ীর পাংশায় পাট্টা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কোর্ট সহকারী আব্দুস সোবাহান মিয়াকে (২৪) অপহরণের অভিযোগে বুুধবার পাংশা থানায় একটি মামলা দায়ের করেছে অপহূতের পরিবার। অপহূত আবদুস সোবাহান আশুরহাট গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে। অপহূতের পরিবার সূত্র জানায়, গত ৮ ডিসেম্বর বিকেলে আব্দুস সোবাহান ইউনিয়ন পরিষদ ভবন থেকে বের হন। এ সময় একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহিন, তুহিন, শামীম ও ইসলাম খান তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় তার পিতা ওয়াদুদ মিয়া বাদী হয়ে রাজবাড়ী আদালতে মামলা করেন। পরে আদালত মামলাটি পাংশা থানায় রেকর্ডের জন্য পাঠায়। এ ঘটনায় পাট্টা ইউপির চেয়ারম্যান শাহ মোঃ রফিকুল ইসলাম জানান, সোবাহান অপহরণের বিষয়ে তিনি কিছুই জানেন না। এছাড়া সে বর্তমানে ওই ইউনিয়নের গ্রাম আদালতের কোর্ট সহকারী হিসেবেও কাজ করছে না। ১৯ দিন আগে স্বেচ্ছায় সে পদত্যাগ করেছে। এ ব্যাপারে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল খালেক জানান, আদালত মামলাটি পাংশা থানায় রেকর্ডপূর্বক তাকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার সকালে পাংশা থানায় মামলাটি গ্রহণ করা হয়েছে। অপহরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।