ইত্তেফাক রিপোর্ট
দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তারা (এসএমই) স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এসএমই পণ্যের বাজার সৃষ্টিতে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন। গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে এসএমই ফাউন্ডেশন আয়োজিত পঞ্চম ক্রেতা-বিক্রেতা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন কে এম হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে এসএমই উদ্যোক্তাদের জন্য শক্তিশালী বাজার তৈরি করতে প্রতি বিভাগে এ ধরনের ক্রেতা-বিক্রেতা সম্মেলন আয়োজন করা এবং জাতীয় তাঁত দিবস ঘোষণার জন্য শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
শিল্পমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের উত্পাদিত পণ্য বিপণনের সুবিধার্থে স্থায়ী মার্কেট গড়ে তোলা হবে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জন সম্ভব হবে। এ খাতের জন্য মন্ত্রণালয় প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করার পাশাপাশি এসএমই খাতের আধুনিকায়ন এবং স্বল্প সুদে উদ্যোক্তাদের ঋণ সুবিধা দিতে সরকার ইতোমধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান তিনি।
উল্লেখ্য, দিনব্যাপী আয়োজিত এ ক্রেতা-বিক্রেতা সম্মেলনে দেশের বিভিন্ন এলাকা থেকে ৪৫ জন সম্ভাবনাময় নতুন নারী উদ্যোক্তা অংশ নেন। তারা নিজেদের উত্পাদিত পাটজাত, চামড়াজাত ও হস্তশিল্প পণ্য এবং প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী প্রদর্শন করেন।
