রাঙ্গামাটি থানায় এএসআই সিরাজুলের মৃত্যু নিয়ে প্রশ্ন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:১৭
রাঙ্গামাটি কোতোয়ালী থানায় এএসআই সিরাজুল ইসলামের মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছে তার পরিবার। পুলিশ এ মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বললেও নিহতের ভাই একে হত্যাকাণ্ড বলে দাবি করছেন। এ মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন ও ন্যায়বিচারের জন্য নিহতের ভাইয়েরা আইনের আশ্রয় নেয়ার কথাও জানিয়েছেন। বুধবার ময়না তদন্ত শেষে এএসআই সিরাজুল ইসলামের মরদেহ আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটি কোতয়ালী থানার অভ্যন্তরে পুলিশ ব্যারাকে ছুরিকাহত অবস্থায় তাকে রাঙ্গামাটি হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি- সিরাজুল নিজেই আত্মহত্যা করেছেন।