ইত্তেফাক রিপোর্ট
মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধকল্পে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান আর্থিক প্রতিষ্ঠানসমূহের অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ করার কথা বলেছেন। একইসঙ্গে ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ জালিয়াতিসহ অন্যান্য উপায়ে যেন মানিলন্ডারিং অপরাধ না হতে পারে সেজন্য সংশ্লিষ্ট হিসাবসমূহের প্রকৃত সুবিধাভোগী চিহ্নিতকরণপূর্বক গ্রাহক সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন। বিএফআইইউর তত্ত্বাবধানে গাজীপুরের রাজেন্দ্রপুরে অবস্থিত ব্র্যাক সিডিএম-এ শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী অনুষ্ঠিত ‘আর্থিক প্রতিষ্ঠানসমূহের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলনের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
রাজী হাসান তার বক্তব্যে এশিয়া প্যাসেফিক অন মানিলন্ডারিং পরিচালিত মিউচ্যুয়াল ইভ্যালুয়েশনে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থানের বিষয়ে আলোকপাত করেন। এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরো কার্যকরী ও সুসংহত ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানকে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন ঝুঁকির সঙ্গে সামঞ্জ্যপূর্ণ প্রাতিষ্ঠানিক পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থাদি নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সুশাসন অনুশীলন এবং আমানত ও ঋণের তদারকি করার উপর আরো অধিক নজর দেওয়ার জন্য তাগিদ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউর উপপ্রধান ও নির্বাহী পরিচালক ইস্কান্দার মিয়া। সভাপতিত্ব করেন বিএফআইইউর অপারেশনাল হেড ও মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন চৌধুরী। সম্মেলনে ৩৪টি আর্থিক প্রতিষ্ঠানের প্রধান ও উপপ্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাসহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরাও অংশ নেন। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানীজ অ্যাসোসিয়েশন (বিলএফসিএ) এর চেয়ারম্যান মো. খলিলুর রহমান।
