ধান, গম, পাট, ভুট্টা, আলু, মরিচ চাষের পর এবার রংপুরের কাউনিয়ার তিস্তার চরে বাঁধা কপির চাষ শুরু করেছে কৃষক। বুধবার সরেজমিন উপজেলার প্রাণনাথ চর এলাকায় গিয়ে দেখা যায়, চরের কৃষকরা অন্যান্য শীতকালীন ফসলের পাশাপাশি এবছর বাঁধাকপির চাষ শুরু করেছেন। কপি চাষি রহিম খাঁ জানান, বেসরকারি সংস্থা আরডিআরএস ও মানুষের জন্য উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় এবং চার্চ অব সুইজারল্যান্ড, নরওয়ে ও ফিনল্যান্ডের সহযোগিতায় তিনি এবছর সম্পূর্ণ জৈব পদ্ধতিতে বাঁধাকপির চাষ শুরু করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবার রহমান প্রাণনাথ চরে গিয়ে কৃষকের সাথে কথা বলে জানতে পারেন তারা রাসায়নিক সার ছাড়াই সম্পূর্ণ জৈব সার দিয়ে বাঁধাকপির চাষ করেছেন। কৃষি কর্মকর্তা এসময় বিভিন্ন রোগ-বালাইয়ের হাত থেকে কিভাবে মুক্ত থাকা যায় সে ব্যাপারে কৃষককে পরামর্শ দেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিনা তালুকদার শিউলী, রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহম্মদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিন্টু, উপজেলা মত্স্য কর্মকর্তা নুরুন নবী, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, উপজেলা পিআইও রোকনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
